ধূমকেতু প্রতিবেদক, নূরুজ্জামান, বাঘা : রাজশাহীর চারঘাট উপজেলার আলোচিত সন্ত্রাসী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ তার কুশপুত্তলিকা দাহ করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ।
একই সাথে ঝাড়ু মিছিল করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি এবং স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা-অশালীন ও ষড়যন্ত্র মূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে শনিবার সকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, আজকের পর থেকে তুই আর কোনদিন বাঘায় প্রবেশ করতে পারবি না। তুই একজন আলোচিত সন্ত্রাসী ও অষ্টম শ্রেণী পাশ কুলাঙ্গার। বাঘায় চাঁদকে যারা সমর্থন দিবে তাদের প্রতিও হুশিয়ার বানী উচ্চরণ করেন বক্তারা।
তাঁরা বলেন, গত সাংসদ নির্বাচনে মনোনয়ন উত্তোলন করলেও মামলা সংক্রান্ত তথ্য গোপনের দায়ে এই সন্ত্রাসীর মনোনয়ন বাতিল হয়। তার পিতা তারেক রহমান দুর্নীতির দায়ে বিদেশের মাটিতে পালিয়ে আছে।
চাঁদের বিরুদ্ধে বর্তমানে ২০ টির অধিক মামলাসহ অসংখ্য জিডি রয়েছে চারঘাট থানায়। তিনি ২০১৪ সালে ট্রেনের লাইনচ্যুত করা থেকে শুরু করে-গাড়ি পুড়ানো, নিজ ওয়ার্ডে নির্বাচনের মাঠ দখল, বোমা হামলা, ককটেল নিক্ষেপ, হত্যা, জঙ্গী প্রশ্রয় ও সন্ত্রাসী কর্মকান্ড-সহ ২৭ জন নিরিহ বেকার যুবককে চাকরি দেয়ার নামে লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে উল্লেখ করেন বক্তারা। এ নিয়ে আদালতে তার নামে মামলা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে লিপ্ত থাকায় বিস্ফোরক এবং সরকারি কাজে বাঁধা দান সহ একাধিক মামলার আসামী হন তিনি।

সর্বশেষ গত ১৩ তারিখ চারঘাট পৌর নির্বাচনকে সামনে রেখে চারঘাট বাজারে পোষ্টার টাঙ্গানোর ঘটনাকে কেন্দ্র করে তার লোকজন নিয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উপর হামলা করেন এই নেতা।এ ঘটনায় চারঘাট বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ীসহ পথচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ মামলায় গত দু’দিন পূর্বে জামিন নিয়ে রাজশাহী ভুবন মোহন পার্কে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি এবং রাজনৈতিক শিষ্টাচার লংঘন করে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেন, আবু সাঈদ চাঁদ। এতে করে ফুঁসে উঠে বাঘা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। তারা শনিবার সকাল ১১ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন-সহ আলোচনা সভায় মিলিত হন। এর আগে রাস্তায় আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকাদাহ করা হয়।
অপরদিকে, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতার নেতৃত্বে একটি বিশাল ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে স্লোগান দেয়া হয়, শাহরিয়ার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে-ঘরে। সন্ত্রাসী চাঁদের দুই-গালে জুতা মারো তালে তালে।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যাক্ষ নছিম উদ্দিন ও মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, স্বেচ্ছা সেবকলীগের রাজশাহী জেলা সভাপতি রোকনুজ্জামন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন ৬ জন ইউপি চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, বঙ্গবন্ধ সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক। উপস্থিত ছিলেন সকল সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
চারঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আবু সাঈদ চাঁদ প্রকৃত অর্থে একজন সন্ত্রাসী। তার নামে এ থানায় প্রায় ২০ টি অধিক মামলা এবং অসংখ্য জিডি রয়েছে।


