ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় তপন নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন অসহায় পিতা। এ নিয়ে তাকে তিনদফা পুলিশে সোপর্দ করা হলো। সর্বশেষ রোববার সকালে ২০ পিচ ইয়াবাসহ আবারও তাকে পুলিশে সোপর্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী আলাইপুর গ্রামের আসকান আলীর ছেলে তপন (৩৫) মাদকাসক্ত হওয়ায় প্রতিনিয়ত মাদক কেনার টাকার জন্য সে তার পিতা-মাতা এবং পরিবারের লোকজনকে মারপিটসহ জ্বালাতন করে আসছে। নিরুপায় হয়ে গত এক বছর পূর্বে তার পিতা ঐ ছেলেকে পুলিশের সাহায্য নিয়ে হাজতে পাঠান।
ঘটনার চার মাস পর ছেলে আর কখনোই মাদক সেবন করবে না বলে ওয়াদা করলে ঈদকে সামনে রেখে তাকে হাজত থেকে বের করে আনেন অসহায় পিতা আসকান আলী। কিন্তু বিধিবাম! কথায় বলে, চোর না শুনে ধর্মের কাহিনী।
এরপর যা ঘটতে থাকলো তা পুর্বের চেয়েও ভয়াবহ। অর্থাৎ যে ছেলে পূর্বে ফেন্সিডিল সেবন করতো-সে এখন ইয়াবা এবং হিরোইন সেবনে আসক্ত হলো। নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে তাকে আবারও পুলিশে সোপর্দ করা হলো।
এবার পিতা-মাতা কিংবা পরিবার নয়, এবার তাকে হাজত থেকে বের করে আনলো তার বন্ধু মহল। অতঃপর অত্যাচারের মাত্রা পূর্বের যে কোন সময়ের চেয়ে আরো বেড়ে গেলো। এখন নেশার টাকা না পেলেই ভাংচুর এবং মারপিট।
তাই তৃতীয় দফা ঐ ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করলেন অসহায় পিতা আসকান আলী।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রোববার সকালে পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে তপন(৩৫) কে তার নিজ বাড়ী থেকে ২০ পিচ ইয়াবাসহ আটক করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


