ধূমকেতু প্রতিবেদক : নগরীতে পাথর বোঝাই ট্রাক করে ফেন্সিডিল নিয়ে যাওয়ান সময় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাক হেলপার মিলন আলী (২৮) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক হেলপার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাঘারপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সিটি হাট এলাকায় একটি ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ তথ্য নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে ডিবির একটি টিম সিটি হাটে রাস্তার ওপর অবস্থান নেয়। রাত সাড়ে বারোটার দিকে টাটা ব্যান্ডের ঢাকা মট্রো ট-১৬-০৬৯৩ আসতে দেখে ডিবি পুলিশ তাকে থামার সংকেত দেয়। এ সময় ট্রাক থামিয়ে ড্রাইভার ও হেলপার লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাক চালক পালিয়ে যেতে পারলেও হেলপারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ট্রাকের পেছনে থেকে পাথরের মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাকসহ পাথরগুলো জব্দ করা হয়।


