ধূমকেতু নিউজ ডেস্ক : ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মত আমন্ত্রণ পেয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ’র সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
ফ্রান্সের রাজধানীর প্যারিসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ‘আঁ সার্তে রিগার্দ’ বিভাগে বাংলাদেশের ছবিটি নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হয়।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন, আজমেরী হক বাধঁন। ছবির গল্প প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে নিয়ে। ছবিতে দেখানো হয় একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে সাধারণ জীবনযাপন করেন রেহানা। একদিন সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয় তিনি। এরপর থেকে শুরু হয় তার অন্যরকম জীবন।
পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।
ছবিটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন।
ছবিতে আরো অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।
ইতিমধ্যে ছবিটির ইন্টারন্যাশনাল সেলস্ এর জন্য জার্মান ভিত্তিক সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফিল্মস বুটিক চুক্তবদ্ধ হয়েছে। আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের প্রথম সারির আর্ন্তজাতিক এই চলচ্চিত্র উৎসব।
পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’।এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ নির্মাণ করেন তরুণ এই পরিচালক।


