ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘায় সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় দুই ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরে অবস্থিত বাঘা ও নারায়নপুর বাজার, পাকুড়িয়া হাট, পানিকুমড়া হাট, মনিগ্রাম বাজার, কিশোরপুর হাট, মীরগঞ্জ হাট ও বিনোদপুর বাজার এলাকা পরিদর্শন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। এ সময় রাস্তা-ঘাট ফাঁকা থাকলেও বাজার এলাকায় দু’জন ব্যবসায়ী অতি-গোপনে দোকানের এক পাল্লা খোলা রেখে ব্যবসা পরিচালনা করছিলো।
অভিযানে দু’জন ব্যবসায়ীকে হাতে-নাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা। অতঃপর ব্যবসায়ীগণ তাদের অপরাধ স্বীকার করায় পৃথক দু’টি মামলা দেয়ার মাধ্যমে তাদের নিকট থেকে ১৫ হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) আদায় করেন তিনি।
এসময় নির্বাহী কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আনছার ভিডিপি অফিসার শ্রী মিলন কুমার দাস ও পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ।
চিকিৎসকরা জানান, করোনার দ্বিতীয় ধাক্কায় নতুন ডেরিয়েন্ট মিলছে ভারতে। যাকে বলা হচ্ছে ডেল্টা প্লাস সংস্করণ। স¤প্রতি এটি ভারতের সীমান্তবর্তী-চাপাই নবাবগঞ্জ, নওগা এবং খুলায় ধরা পড়েছে। এ থেকে বাঘা ভারতীয় সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে করোনার প্রকপ বেড়েছে। অনেকেই করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি এবং গলা ব্যাথা নিয়ে বাড়িতে চিকিৎসা নিলেও তারা বিষয়টি গোপন রাখছে এবং করোনা টেস্ট করাতে আগ্রহী হচ্ছেন না। এ কারণে এ উপজেলায় কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা বলেন, করোনা কালিন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করার কোন সুযোগ নেই। যারা লকডাউন মানবে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।


