ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১২০ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃত হলো, জিয়াউল হক বাবু (৩৬)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার শ্যামপুর মাস্টার পাড়ার মৃত জারমান আলীর ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রোববার (২১ নভেম্বর) দিবাগত রাত ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক আশিক ইকবাল এর নেতৃত্বে এসআই শাকিল হুদা জনি ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান রোধ ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় চোরাকারবারী ভারতে তৈরি বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সীমান্ত পার করে মতিহার থানার ডাঁশমারী কাশেমের মোড় দিয়ে আসবে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ডাঁশমারী কাশেমের মোড়ে ছদ্মবেশে অবস্থান করে। ভোর ৫ টায় দুইজন ব্যক্তিকে মাথায় দুইটি বস্তা নিয়ে আসতে দেখে আসামী জিয়াউল হক বাবু (৩৬)কে আটক করে এবং অপর জন তার মাথায় থাকা বস্তা ফেলে ফালিয়ে যায়। এসময় আটককৃত আসামীর কাছে থাকা বস্তা ও পলাতক আসামীর ফেলে যাওয়া বস্তা হতে মোট ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
পুলিশ আরও জানায়, পলাতক আসামীকে আটকের অভিযান অব্যাহত আছে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


