ধূমকেতু নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ২ গেরিলা নিহত হয়েছে। সোমবার শ্রীনগরের রংরেথ এলাকায় সংঘর্ষে গেরিলারা নিহত হয়।
নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। এ সময়ে গেরিলারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হলেও তারা ওই আবেদনে সাড়া না দিয়ে গুলিবর্ষণ অব্যাহত রাখলে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিবর্ষণে দুই গেরিলা নিহত হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে, আজ উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় একটি সামরিক ক্যাম্পে গুলি চালিয়ে শিন্দে সন্দীপ অর্জুন নামে এক হাবিলদার আত্মহত্যা করেছেন। তিনি দ্রংয়ারী চৌকিবলে মোতায়েন ছিলেন। আজ (সোমবার) ভোর সাড়ে ৪টার দিকে ওই ঘটনা ঘটে। শিন্দে তার সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন। অন্যান্য জওয়ানরা তাকে শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এক সেনা কর্মকর্তা বলেন, ঘটনার কারণ খুঁজে বের করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গতকাল (রোববার) রামবনে কোম্পানি কমান্ডারের দায়িত্বপ্রাপ্ত একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। এভাবে ভিন্ন ভিন্ন এলাকায় কার্যত ২৪ ঘণ্টার মধ্যে দুই সেনা কর্মকর্তা আত্মহত্যা করলেন। ২৩ রাষ্ট্রীয় রাইফেলসের আলফা কোম্পানির মহুবল পোস্টে মোতায়েন থাকা মেজর পরবিন্দর সিং নয়া দিল্লির প্রিয়দর্শিনী বিহারের বাসিন্দা ছিলেন। তিনি তার আবাসিক কোয়ার্টারে একে-৪৭ সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সন্দেহজনক মৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
এরআগে, জম্মু-কাশ্মীরের রজৌরি জেলায় গত ১৪ নভেম্বর সেনাবাহিনীর এক জওয়ান একে-৪৭ সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। এনকে দীপক সিং নামে ওই জওয়ান রাজৌরি জেলায় সেনাবাহিনীর এলিট পাড়া ইউনিটের অন্তর্গত রোমিও বাহিনীতে মোতায়েন ছিলেন। একইভাবে গত ২৩ সেপ্টেম্বর, কাশ্মীরের কুপওয়াড়া জেলায় লোকিন্দর সিং ঠাকুর নামে রাষ্ট্রীয় রাইফেলসের এক সেনা জওয়ান নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন৷


