ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও এক ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন জেলায় নতুন করে অভিযান চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি তেল আবিবে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজে বের করতে ওই অভিযান শুরু হয়। খবর আল জাজিরার।
শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে রোববার জেরিকো এবং তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পশ্চিম তীরের বিভিন্ন শহর থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সৈন্যরা জেনিন শহরে অভিযান চালাচ্ছে।
গত বৃহস্পতিবার জেনিন শহরে এক ব্যক্তির হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেন অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতেই অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
এদিকে শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাদ হাজেম নামে (২৮) সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছে।
গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে, ইসরায়েলি বাহিনী বলছে, শনিবার ব্যাপক বন্দুক যুদ্ধে ইসলামিক জিহাদের সদস্য ২৫ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে।
এছাড়া শনিবার ইসরায়েলি সৈন্যদের গুলিতে ১৩ ফিলিস্তিনি আহত হয়েছে। ১৯ বছর বয়সী এক তরুণীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।


