ধূমকেতু নিউজ ডেস্ক : গণসমাবেশ সফল করতে দুদিন আগে থেকেই রংপুরে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পরিবহন ধর্মঘটের কারণে সড়কপথে সারা দেশের সঙ্গে শুক্রবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভাগীয় শহর রংপুর। এতে ভোগান্তিতে পড়েছেন রংপুরসহ আশপাশের জেলার সাধারণ মানুষ।
যান চলাচল বন্ধ থাকলেও বিএনপির নেতা-কর্মীরা ট্রেনে চড়ে, অটোরিকশায় করে, মোটরসাইকেল নিয়ে, কেউবা হেঁটে এসেছেন সমাবেশস্থলে। কেউ কেউ এসেছেন বৃহস্পতিবার রাতেই।
বেশির ভাগ নেতা-কর্মীই এসেছেন শুক্রবার। সঙ্গে চিড়া-মুড়ি নিয়ে এসেছেন কেউ কেউ। শুক্রবার রাতে বস্তা, কম্বল ও চাদর নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিতে দেখা যায় নেতা-কর্মীদের।
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের জন্য নগরের উত্তম এলাকার গুদাম, স্কুলঘর এবং রবার্টসনগঞ্জ স্কুল ও মাঠে থাকার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর রংপুরের বিভিন্ন অলিগলিতে বিএনপির নেতাকর্মীদের সরব অবস্থান দেখা যায়। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের কারও হাতে কাঁথা-বালিশ, কারও হাতে শুকনো খাবার, আবার কারও হাতে প্ল্যাকার্ড দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে লোক সমাগম বাড়তে থাকে। রাতেই মাঠসহ রংপুর শহর লোকে লোকারণ্য হয়ে যায়।
বিএনপি নেতাকর্মীরা জানান, গণসমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ রেখেছে সংশ্লিষ্টরা। গণপরিবহন বন্ধ রেখে শহরের ঢোকার পথে বিভিন্ন পয়েন্টে বাধা দিচ্ছেন সরকার দলের নেতাকর্মীরা। তবে, কোনো বাধাই এই সমাবেশের জনসমাগম ঠেকাতে পারছে না।
সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, ‘সরকার আমাদের সমাবেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। আমাদের নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে। পরিবহন ধর্মঘটের নামে দেশের মানুষকে হয়রানি করছে।’
‘কোন বাধা আমাদের সমাবেশ ঠেকাতে পারবে না’ উল্লেখ করে দুলু বলেন, ‘মানুষ যে যেভাবে পারছে, সমাবেশে আসছে। দেশের মানুষ তাদের দাবি আদায়ের জন্য এই সমাবেশে তারা যোগ দিচ্ছে।’
সমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সরকার গণপরিবহন বন্ধ করে দেয়ায় এখন আমাদের সমাবেশ ২ দিন হচ্ছে। শুক্রবার থেকেই সমাবেশ শুরু হয়ে গেছে।’ এ সময় তিনি কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ও দিনাজপুর-রংপুর মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সরকার আমাদের স্বাভাবিকভাবে সমাবেশ সফল করতে দেবে না। আমরা আমাদের মতো করে প্রস্ততি নিয়েছি। গত রাতেই রংপুর শহর লোকে লোকারণ্য হয়ে গেছে।’
শনিবার সকালে রংপুরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির চতুর্থ গণসমাবেশ। ময়মনসিংহ ও খুলনার পর এবার রংপুরের গণসমাবেশের আগেও পরিবহন ধর্মঘটের ডাক দেয় মোটর মালিক সমিতি। শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। পরিবহন ধর্মঘটের খবরে বৃহস্পতিবার রাতেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন।
শুক্রবার দিনভর মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রেন ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে রংপুরে এসে পৌঁছানোর পর সমাবেশ মাঠে এসে জড়ো হন তারা।
এদিকে এরইমধ্যে গণসমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রংপুরে পৌঁছেছেন।


