ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্বের প্রায় ৬৭ লাখ মানুষ। নতুন করে করোনা আতঙ্কের মুখে গোটা বিশ্ব, তখন সেই ভাইরাসের তোয়াক্কা না করে স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হয়েছেন চীনের সংগীতশিল্পী জেন ঝ্যাং।
নিজ ইচ্ছায় করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ব্যাখ্যা করেছেন ঝ্যাং। এতে বেশ সমালোচনার ঝড় উঠেছে।
জেন ঝ্যাং বলেন, তার এক বন্ধু করোনায় আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্ত হতে ওই বন্ধুকে দেখতে গিয়েছিলেন তিনি। এর পর জ্বর, গলাব্যথা ও শরীর ব্যথার মতো করোনার বিভিন্ন উপসর্গ দেখা দেয় তার শরীরে। তবে টানা একদিন ও একরাত ঘুমানোর পর এসব উপসর্গ চলে যায়। সুস্থ হওয়ার জন্য কোনো ওষুধও নিতে হয়নি তাকে। খেয়েছিলেন শুধু প্রচুর পরিমাণে পানি আর ভিটামিন সি।
৩৮ বছর বয়সি এই সংগীতশিল্পী বলছেন, নববর্ষের আগেই যদি তার করোনা হয়ে যায়, তাহলে তিনি নববর্ষের সময়টুকুতে করোনামুক্ত থাকবেন। সেই সময়ে নানা কনসার্টে অংশও নিতে পারবেন। সে কারণেই শরীরে আগেভাগে করোনা বাঁধিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন এই চীনা শিল্পী।
চীনে এ মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালগুলোর চিকিৎসকরা। আর এ সময়ে এমন কাণ্ড ঘটানোয় সমালোচিত হয়েছেন তিনি। শেষমেশ বিতর্কের মুখে উইবোতে নিজের পোস্টটি মুছে দিয়েছেন ঝ্যাং। পরে আরেকটি পোস্ট দিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি।
সম্প্রতি চীনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস।
তিনি বলেন, চীনে করোনার ঊর্ধ্বগতির কারণে আমরা করোনার সমাপ্তির দ্বারপ্রান্তে আছি কিনা তা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।


