ধূমকেতু প্রতিবেদক, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। শনিবার রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়। এসময় উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নুল আবেদীন মাহবুব, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলা ভাষা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, এ ভাষার জন্য জীবন দানকারী শহীদের প্রতি রইলো শতত শ্রদ্ধা। সর্বস্তরে বাংলা ভাষা বিস্তার লাভ করুক এ প্রচেষ্টা আমাদের সকলের। আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলতে পারছি তা আজ থেকে ৭৪ বছর আগে শহীদের আত্নত্যাগের বিনিময়ে। আসুন আমরা সকলে মিলে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে স্থান দেই। তিনি আরো বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি আত্মপরিচয় ও অধিকার আদায়ের পথে অগ্রসর হওয়ার শক্তি পেয়েছিল। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও মাতৃভাষার শুদ্ধ চর্চা করার আহ্বান জানান।


