ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে থাকা ১১ বছরের শিশু রেশমি আক্তার মারা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, ‘ওই শিশু গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল। সকালে সে মারা গেছে।’
পারিবারিক সূত্রে জানা যায়, রেশমি ব্যারিস্টার মিল্কি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। গত বৃহস্পতিবার, ৭ মে রাত রাত ৯টা ১০ মিনিটের দিকে তার মা সখিনা বেগম তাকে পাশের দোকান থেকে পান আনতে পাঠান।
রৌফাবাদ বিহারি কলোনির গলিতে তখন মুখে মাস্ক পরা একদল দুর্বৃত্ত হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছিলো। ছোট রেশমি কিছু বুঝে ওঠার আগেই একটি লক্ষ্যভ্রষ্ট গুলি তার বাঁ চোখ ভেদ করে মাথার ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে মারা যান রাজু। নিহত রাজুর মায়ের করা মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



