ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, রাজশাহী শাখার “বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬”। আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, দক্ষতা ও আধুনিক শিক্ষায় সুসজ্জিত হয়ে দেশের স্বাবলম্বিতা ও বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, “তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় সুসজ্জিত করার মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষার এক অনবদ্য পরিবেশ তৈরি করেছে। এখানকার শিক্ষার্থীরা যেভাবে দৈনন্দিন নিয়মানুবর্তিতা, হিফজ এবং সাধারণ শিক্ষার চর্চা করে, তা প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনি সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম এবং নিরহংকার মনোভাব নিয়ে পথচলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন এবং দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ: কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের অর্থসহ কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি এবং ‘দেশের গান’ পরিবেশন করা হয়। পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের বক্তব্য দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে হিফজ, জেনারেল, বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় (ক্রিকেট ও ফুটবল) কৃতিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং অতিথিদের দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।



