ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারিকে ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ মহাসচিব ইন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার তিনি বলেন, বিশ্ব একটি মহামারিকে সমন্বহীনতার মধ্য দিয়ে হারাতে পারবে না। খবর এনডিটিভির।
গুতেরেস বলেন, আগামী দিনগুলোতে দেশগুলোকে বস্তুনিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে বছরের শেষে বিশ্বের ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়।
নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘের সদস্য দেশগুলোকে ২০২২ সালের মাঝামাঝি তাদের ৭০ শতাংশ লোককে টিকার আওতায় আনার ‘উচ্চাকাঙ্খী’ চেষ্টা অব্যহত রাখতে হবে। মহামারি ঠেকাতে এটা জাতিসংঘের লক্ষ্যমাত্রা বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্বের ৯৮টি দেশ বছর শেষে এ লক্ষ্য পূরণ করতে সক্ষম হতে পারে। তবে ৪০টি দেশ এখন পর্যন্ত তাদের ১০ শতাংশ লোককে ভ্যাকসিন দিতে সক্ষম হয়নি।
বিশ্বের অনুন্নত দেশগুলোতে করোনার টিকা গ্রহণের হার আরও কম। বিশেষ করে আফ্রিকার অনেক দেশে টিকা গ্রহণের হার ৪ শতাংশেরও নিচে।
গুতেরস বলেন, ভ্যাকসিন সরবরাহের অসাম্যতা মানুষের স্বাস্থ্য ও বিশ্বের প্রত্যেক কোণে অর্থনীতিকে ধ্বংস করে (করোনার) ধরনগুলোকে মুক্তভাবে ঘুরে বেড়ানোর সুযোগ দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, উন্নত দেশগুলোকে টিকা গ্রহণের হার আফ্রিকার নিম্ন আয়ের দেশগুলো থেকে অন্তত ৮ গুণ বেশি। এ প্রেক্ষাপটে আফ্রিকায় ২০২৪ সালেও ৭০ শতাংশ লোককে টিকার আওতায় আনা সম্ভব নাও হতে পারে।


