ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। নারীদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টায় মান্দা উপজেলা পরিষদ হলরুমে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি টিপু বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। এ লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে প্রান্তিক নারীরা ঘরে বসেই আয়মুখী কাজে যুক্ত হতে পারেন।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হাসান, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব-উল আলম এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ১৬ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন এবং ৪৬ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর মাঝে ছাগল ও ছাগল পালনের জন্য প্রয়োজনীয় গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়।
অনুষ্ঠানটি প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।



