ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপ থেকে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মাত্র আট ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন, কৃষকদল নেতা মুন্না ও গাড়ির চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানাধীন চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, পিকআপ চালক উপজেলার ডিমজাউন গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহেল রানা, ঈশ্বরলক্ষীপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে বর্তমানে উপজেলা সদরের বাগানবাড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিন (২৮) ও উপজেলার রামচরনপুর দক্ষিণ পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না রহমান (৩৫)।
থানা পুলিশ ওই স্থানীয় সূত্র জানায়, উপজেলার পশ্চিম পার্শ্বে নাসির মাষ্টারের দোকান ঘর ভাড়া নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার রাঘববাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম ভাঙারি ব্যবসা করে আসছে।
মঙ্গলবার আব্দুল আলিমের দোকানের ম্যানেজার ও চাচাতো ভাই মজনু এবং পিকআপ চালক সোহেল বগুড়া থেকে ভাঙারি বিক্রি করে ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে এলে হটাৎ করে ওই পিকআপটি নষ্ট হয়। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে গিয়ে তাদের মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে পথচারীরা এসে তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মজনুকে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হলেও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পিকআপ চালক সোহেলকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ওই রাতেই মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে যৌথ টিম অভিযান শুরু করে। অভিযানে ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।
উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন বলেও জানান তিনি। #


