ধূমকেতু নিউজ ডেস্ক : ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক সব দেশের নাগরিকদের জন্য এবার বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট কাটার নির্দেশ কার্যকর করা হয়েছে। যে কোনো ধরনের ভিসাধারী যাত্রীর জন্যই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। শুক্রবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে যারা ওমরাহ করতে সৌদি আরবে যাচ্ছেন, তাদের ইমিগ্রেশন পার হতে এখন থেকে রিটার্ন টিকিট দেখাতে বলা হচ্ছে। টিকিট না থাকলে বোর্ডিং পাসে অনুমতি দেওয়া হচ্ছে না।
সাঈদ মিরান নামে এক ব্যক্তি খালিজ টাইমসকে তার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা জানান। তিনি ওমরাহ ভিসা নিয়ে দুবাই বিমানবন্দর থেকে রিয়াদে যেতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল, সৌদি আরবে গিয়ে সময় ও সুযোগ বুঝে পরে ফিরতি টিকিট কাটবেন। কিন্তু চেক-ইন কাউন্টারে তাকে জানানো হয়, রিটার্ন টিকিট ছাড়া বোর্ডিং পাস দেওয়া হবে না।
মিরান বলেন, আমি ভেবেছিলাম মদিনাতে কয়েকদিন থেকে এরপর ফিরে আসার ব্যাপারে ভাবব। কিন্তু কাউন্টার বন্ধ হওয়ার আগে আমাকে তাড়াহুড়ো করে অনলাইনে রিটার্ন টিকিট কাটতে হয়, এতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। এরপর আমি চেক-ইন করতে পারি।
আমিরাতের ট্রাভেল অপারেটররা নিশ্চিত করেছেন, প্রতিটি ওমরাহ যাত্রীর ভ্রমণের তারিখ সম্পর্কে স্পষ্টতা নিশ্চিতে সৌদি আরব এই কড়াকড়ি আরোপ করেছে। তারা জানিয়েছেন, ভিসা বা নাগরিকত্ব নির্বিশেষে এখন সবার জন্য রিটার্ন টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।


