ধূমকেতু নিউজ ডেস্ক : মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১, যা অঞ্চলে তাৎক্ষণিক আতঙ্ক সৃষ্টি করে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬১৯.৮ কিলোমিটার।
ভূমিকম্পটির গভীরতা অত্যন্ত বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছে ইউএসজিএস। একইসঙ্গে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি। তারা জানিয়েছে, গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির ঝুঁকি নেই।
এদিকে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর এই ভূমিকম্পের মাত্রা ৬.৮ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, সাবাহ’র পশ্চিম উপকূল ছাড়াও পার্শ্ববর্তী সারাওয়াক রাজ্যের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


