ধূমকেতু নিউজ ডেস্ক : এক দশকের বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিরল খনিজসহ দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী বুধবার ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে শি জিনপিংয়ের বিমান অবতরণের সময় তাকে স্বাগত জানাবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের বিদেশি কোনো নেতাকে বিমানবন্দরে স্বাগত জানানোর ঘটনা বিরল। সফরকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এর পরদিন বৃহস্পতিবার হোয়াইট হাউসে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে স্বাগত জানাবেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে তাদের জন্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর রোজ গার্ডেনে সামরিক বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করবেন দুই নেতা। পরে তারা বৈঠকে বসবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে শি জিনপিং ও পেং লিয়ুয়ানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন ট্রাম্প ও মেলানিয়া। দুই নেতাই সেখানে বক্তব্য দেবেন। নৈশভোজে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলা ও স্পেসএক্সের ইলন মাস্ক, গুগলের সুন্দর পিচাই, ডেল টেকনোলজিসের প্রধান মাইকেল ডেল, এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, সিটিগ্রুপের প্রধান জেন ফ্রেজার এবং অ্যাপলের সদ্য সাবেক প্রধান নির্বাহী টিম কুকসহ প্রযুক্তি ও ব্যবসা খাতের শীর্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এরপর আগামী শুক্রবার শি জিনপিং ও পেং লিয়ুয়ান আবার হোয়াইট হাউসে যাবেন। সেখানে ট্রাম্প দম্পতির সঙ্গে ব্যক্তিগত চা-আড্ডার পর তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল সংরক্ষণের প্রতিষ্ঠান ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করবেন। এরপর শি জিনপিং জয়েন্ট বেস অ্যান্ড্রুজের উদ্দেশে রওনা দেবেন।
২৪ সেপ্টেম্বরের বৈঠকে বাণিজ্য, শুল্ক, কৃষিপণ্য, বিরল খনিজ ও এআই প্রযুক্তি নিয়ে আলোচনা হতে পারে। তাইওয়ান ও দেশটির জন্য প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজও আলোচনায় আসতে পারে। ইরান ও দেশটির তেল রপ্তানি নিয়েও কথা হতে পারে। শির সঙ্গে বিওয়াইডি, শাওমি, সিএটিএলসহ বড় চীনা কোম্পানির প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে যেতে পারেন। ২০১৫ সালের পর প্রায় ১১ বছর পর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন শি।



