ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, এজেন্ট বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ।
শনিবার বেলা সাড়ে ১১টায় কটিয়াদী পৌর এলাকার নিজ বাগান বাড়ি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে সরে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপি সভাপতি মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ।
এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন কেন্দ্র থেকে বিতাড়িত বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা উপস্থিত ছিলেন।
কটিয়াদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। এরমধ্যে নারী ভোটার ১৫ হাজার ৭৩০ এবং ১৪ হাজার ৭৩৬ জন ভোটার রয়েছেন। ১৪টি কেন্দ্রের এবং ৮৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
একই সময় একই অভিযোগে পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেত্রী মেয়র প্রার্থী সালমা আনিকা।


