ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপন করা হয়েছে। বুধবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
দিনের প্রথম প্রহরে ৩১ বার তপধ্বনি এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞ্যাপন-সহ উপজেলা বটমুল চত্বরে সু-বিশাল কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঘা উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ-সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক-পৃথক ভাবে এই দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন করেন। তবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকেলে তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর মধ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

তিনি ১৯৭৩ সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট-নিরপেক্ষ সম্মেলনে কিউবার নেতা ফিদেল কাস্ট্রোর সঙ্গে শেখ মুজিবুর রহমানের বৈঠক এর উদ্বৃতি তুলে ধরে বলেন, ‘আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি ছিলেন হিমালয়ের সমতুল্য। আর এভাবেই আমি হিমালয় দেখার অভিজ্ঞতা লাভ করেছি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যাক্তিবর্গ।


