ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর গ্রামে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক হাড়ুপুর এলাকার হেলিন ড্রাইভারের ছেলে সাকিব হোসেন (১৮)।
জানা যায়, হেলিনের ছোট ছেলে শিমুল হোসেন বড় ভাই সাকিবকে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের মা ধূমকেতু নিউজকে জানান, শুক্রবার আমার ভাইয়ের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর এলাকায় আমরা সবাই গিয়েছিলাম। রাতে আমার বড় ছেলে শিমুল ও ছোট ছেলে সাকিব হোসেনকে বাড়ীর চাবি দিয়ে ঘুমানোর জন্য পাঠায়। তারা দুইজনই রাতে বাসায় অবস্থান করে বলে আমাকে জানায়। শনিবার সকালে আমার ছোট খেলে তার মামার বাসায় আমার কাছে গিয়ে মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন দিয়ে আসি বলে চলে যায়। পরে বড় ছেলেকে ফোন দিয়ে না পেয়ে প্রতিবেশীকে ফোনের মাধ্যমে খোঁজ নিতে বলি। সে কিছুক্ষণ পর আমাকে ফোন দিয়ে জানায় বাসায় কিছু একটা হয়েছে। বাড়ীর দরজা খোলা এবং ভিতরে রক্তাক্ত দেহ পড়ে আছে। তখন আমরা এসে দেখতে পাই বাড়ীতে আমার বড় ছেলের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ ধূমকেতু নিউজকে জানান, শনিবার সকাল ৯ টার দিকে ফোনের মাধ্যমে জানতে পারি হারুপুর গ্রামে বাসায় গলা কাটা লাশ পড়ে আছে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের ভিতরে গলাকাটা লাশ পড়ে আছে। পরে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি।
তিনি ধূমকেতু নিউজকে আরও জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পারি সাকিব ও শিমুল দুই ভাই বাড়িতে ছিল। ছোট ছেলে শিমুল পলাতক থাকায় আমরা ধারণা করছি সে এই খুনের ঘটনাটি ঘটাতে পারে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।


