ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় স্বামী দাবি করে আরিফা (১৯) নামের এক মহিলা স্বামীর বাড়িতে এসেছেন। স্বামীর বাড়ির লোকজন তাকে বাড়িতে উঠতে না দেওয়ায় তিনি বাড়ির সামনের উঠানে দাঁড়িয়ে আছেন। এ খবর জানতে পেরে স্বামী পারভেজ (২২) বাড়ি থেকে পালিয়ে গেছেন।
বুধবার (১৮ আগস্ট) পুঠিয়ার ধনন্ঞ্জয় পাড়া গ্রামে এঘটনা ঘটে। আরিফা নাটোরের ছাতনির মদনহাটের বাছের আলীর মেয়ে। পুঠিয়ার ধনন্ঞ্জয় পাড়ার শাহীন শেখের ছেলে ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র পারভেজ হোসেনের সাথে গত রোববার আরিফার বিয়ে হয় বলে তিনি দাবি করেন।
স্বামীর দাবিতে দাঁড়িয়ে থাকা আরিফা জানান, পারভেজের সাথে আমার মোবাইল ফোনে পরিচয় হয়। তারপর এগারো মাস ধরে তার সাথে আমার সম্পর্ক। আমার আগে বিয়ে হয়েছিল। একটি মেয়ে আছে সাড়ে তিন বছেরর। সেখানে ডিভোর্স হয়ে গেছে। এর মধ্যে পারভেজ আমার সাথে শারীরিক সম্পর্কও করেছে। গত রোববার নাটোরে এক কাজি অফিসে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে আমাদের বিয়ে হয়। আমাদের বাড়িতে বাসর রাতও সম্পন্ন হয়েছে। পরদিন এখান থেকে লোকজন যেয়ে আমাকে নিয়ে আসার কথা। কিন্তু আমার স্বামী আমাদের বাড়ি থেকে বাইরে যাওয়ার কথা বলে পালিয়ে আসে। আমাকে কেউ আনতেও যায়নি। আমি বাধ্য হয়ে স্বামীর দাবিতে তার বাড়িতে এসেছি। তাকে মেনে না নিলে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
এদিকে স্ত্রীর দাবিতে বাড়িতে চলে আসায় বাড়ি থেকে পালিয়ে গেছেন আরিফার স্বামী পারভেজ। পারভেজের প্রতিবেশী ইসমাইল শেখ জানান, তিনি বিয়েতে গিয়েছিলেন। তাদের বিয়ে হয়েছে বলে তিনি জানান।


