ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজারে গাঁজা বিক্রয়ের সময় ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো,রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মাসকাটাদীঘি গ্রামের সাকিব আলীর ছেলে বিজয় আহম্মেদ (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর রিপুটুলা গ্রামের জাহিদ হাসানের ছেলে আহাদ আলী (২২)।
অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ জানান, উপ-পুলিশ কমিশনার (ডিবি)এর তত্বাবধানে তিনি ও পুলিশ পরিদর্শক মশিয়ার রহমানসহ তার টিম মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার বিনোদপুর বাজার এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে তারা সকাল আটটায় মতিহার থানার বিনোদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী বিজয় আহম্মেদ ও আহাদ আলীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।
উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল বলেন, রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে কাজ করছি আমরা। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


