ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন। শুরুতে জেলা প্রশাসক ইকবাল হোসেন শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ জামান প্রমূখসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রদ্ধা জানাতে অংশ নেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এর নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রতিবছরের মতো এ বছরও কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচির মধ্য দিয়েই অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে জেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি আজ মাতৃভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার পেয়েছে।
তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানা, তা থেকে শিক্ষা নেওয়া এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।


