ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছীতে নিলাম / টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন না করেই উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।এসব অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, বাজারদরের চেয়ে কম মূল্যে মালামাল বিক্রি করে সরকারি কোষাগারে সব টাকা জমা না দিয়ে নিজেদের পকেট ভরাতে চেয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ছয়টি বিদ্যালয়ের অব্যবহৃত মালামাল খোলা ডাকে নিলামের জন্য নোটিশ দেওয়া হয়। ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাকক্ষে এই নিলাম ডাক অনুষ্ঠিত হয়। ছয়টি স্কুল প্রতিষ্ঠানের লোহা/এ্যাংগেল,পুরাতন টিন,ফ্যান, পিয়ানো বিক্রির নিলাম সম্পূর্ণ হয়।
কিন্তু ঐ তিন স্কুল প্রতিষ্ঠানের লোহা/এ্যাংগেল, ১৩৭ কেজি,টিন ১৮৫ কেজি,শীটের বেঞ্চ,পিয়ানো, ফ্যান,পায়া মোট ৩২৪ কেজি মালামল নিলাম ডাক ছাড়াই বিক্রি অনুমতি দেন উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার।
অভিযোগ রয়েছে, ওই নিলামে শামীম হোসেন নামে এক ব্যবসায়ী ছয়টি বিদ্যালয়ের মালামাল কেনার অনুমতি পান।
তবে একই দিনে জোলাপাড়া, বালুপাড়া ও ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল টেন্ডার ছাড়াই তাঁর কাছে বিক্রির করে দেওয়া হয়।
জোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেবিলের সিটের পায়া (৭০ কেজি), পুরোনো টিন (৬০ কেজি) ও অ্যাঙ্গেল (৪০ কেজি) বিক্রি করা হয়।
২৪ ফেব্রুয়ারি ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লোহা/অ্যাঙ্গেল (৩০ কেজি), ফ্যান (৩৮ কেজি), পিয়ানো (২৪ কেজি) ও জানালা (২৫ কেজি) বিক্রি হয়।
৩ মার্চ বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে থেকে লোহা/অ্যাঙ্গেল (৬৭ কেজি), শিটের বেঞ্চ (১৬৭ কেজি) ও টিন (১২৫ কেজি) নেওয়ার সময় স্থানীয়দের বাধার মুখে মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি শামীমের।
স্থানীয়দের অভিযোগ, লোহা/অ্যাঙ্গেল ৩৬ টাকা ১০ পয়সা কেজি, পুরোনো টিন ৩০ টাকা, জিআই পাইপ ৩৬ টাকা, শিটের বেঞ্চ ৩০ টাকা ও কাঠের বেঞ্চ ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে—যা বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান, সাকিব ও বিপ্লব, সমুন, আনোয়ার সহ অনেকেই বলেন, “তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০টির বেশি স্টিলের বেঞ্চ ছিল। নিলামের আগেই সেগুলোর অনেকাংশ সরিয়ে ফেলা হয়েছে। অবৈধভাবে মালামাল বিক্রি করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।”
বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহবুব হোসেন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার ছাড়া স্কুলের মালামাল বিক্রি করা যায় না। “আমরা কিছুই জানতাম না। হঠাৎ দেখি মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। এটি পুরোপুরি অনিয়ম, তারা দায় এড়ানোর চেষ্টা করছেন।
ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা বলেন, শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়েই মালামাল বিক্রি করা হয়েছে। “টিও স্যার উপস্থিত ছিলেন। আমি কিছু করিনি, যা করার তিনি করেছেন বলে দাবি করেন তিনি। তবে বিক্রির লিখিত কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এ বিষয়ে জোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন,“ ১৫ তারিখে টেন্ডার বিষয়ে আমি জানতে পারি। পরে ১৬ তারিখে আমি রেজুলেশন করে শিক্ষা কর্মকর্তার অফিসে জমা দেই। এর বাহিরে আমার কিছুই জানা নেই।
বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা পারভীনের মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। তাই তার মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।
মালামাল ক্রয়কারী ব্যবসায়ী শামীম হোসেন বলেন, “আমি টেন্ডারের মাধ্যমেই মালামাল কিনেছি। এর বেশি কিছু জানি না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ১৫ ফেব্রুয়ারি ছয়টি বিদ্যালয়ের জন্য ওপেন টেন্ডারের নোটিশ দেওয়া হয় এবং ১৯ ফেব্রুয়ারি নিলাম সম্পন্ন হয়। তবে অন্য তিনটি প্রতিষ্ঠানের বিষয়ে স্থানীয়দের জানানো হয়নি। এটি আমাদের ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি।
নিলাম কমিটির সভাপতি ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, টেন্ডারের দিন আমি উপস্থিত ছিলাম না তাই বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছানাউল হাবিব বলেন, বিষয়টি তাঁর জানা নেই এবং কোনো অনুলিপিও তিনি পাননি। “সরকারি মালামাল টেন্ডার ছাড়া বিক্রি করা যাবে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রশ্ন, যদি ছয়টি বিদ্যালয়ের জন্য উন্মুক্ত নিলাম ডাকা হয়ে থাকে, তাহলে তিনটি বিদ্যালয়ের ক্ষেত্রে কেন সরকারি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি? কেন স্থানীয় অভিভাবক ও কমিটিকে জানানো হয়নি? আর বাজারদরের চেয়ে কম দামে বিক্রির অভিযোগের দায়ই বা নেবে কে?
এ ঘটনায় এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি করেছেন ।


