ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাশেদ আলী (৩৫) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জহুরুল বড় ভাইকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাশেদকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর অভিযুক্ত জহুরুল ও তার পরিবার পলাতক রয়েছে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।



