ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের কেরালায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় তামিলনাড়ুর আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ত্রিশূর জেলার কৈপমঙ্গলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাড়িটি গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিটিতে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দমকলকর্মীরা গাড়ির একটি অংশ কেটে দুজনকে বের করে আনেন।
পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা আটজনই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
গাড়িটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, চালকের কোনো ত্রুটি ছিল কিনা এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা- তা খতিয়ে দেখছে পুলিশ।


