ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি-এর জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল ৭টার দিকে আব্দুল হান্নান নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি কোলা ইউনিয়নের কেশাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক (আক্কেলপুর) থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি হন। ঠিক ওই মুহূর্তে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে অবৈধ স্থানীয় বালু বহনের যান ‘কাকড়া’য় বালু লোড করা হচ্ছিল।
হঠাৎ সামনে চলে আসা পাথরবাহী ট্রাক দেখে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি প্রথমে দাঁড়িয়ে থাকা কাকড়া যানের সাথে ধাক্কা খায়। এতে হান্নান ছিটকে সড়কের ওপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবাহী ট্রাকের চাকার নিচে পিষ্ট হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও অবৈধ যানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাওয়ার পথে এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার, সহকর্মী ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


