ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগকালে তিনি সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
ইউনিয়নের জলপাইতলা মোড় এবং চেউখালী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল বারী গোয়ালকান্দি ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। একই সাথে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।
এসময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও গোয়ালকান্দি ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মজিদ খান, বাগমারা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম এবং ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক।
এছাড়াও পথসভা ও গণসংযোগে জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



