ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামী হলো, রহিজ উদ্দিন (৫২)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মৃত সাধু মন্ডলের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ২২ নভেম্বর ২০২১ বিকেল ৩ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায় দুই ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৪ টায় কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রহিজ উদ্দিনকে আটক করে এসময় অপর আসামী কৌশলে পালিয়ে যায়। আটককৃত আসামীর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়। পলাতক আসামীর বিরুদ্ধে আটকের অভিযান অব্যহত রয়েছে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


