ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর হাজারীবাগের বাড়ইখালি এলাকায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আব্দুল খালেক (৬০)। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তিনি হাজারীবাগের বাড়ইখালি এলাকায় থাকতেন।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান।
তিনি জানান, আমরা খবর পেয়ে বাড়ইখালি জাহাঙ্গীর মিয়ার প্রজেক্ট এলাকা থেকে ভোররাত সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, পিকআপ ভ্যানের চাপায় আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজনের কাছে জানতে পারি, নিহত ব্যক্তি ওই এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।


