ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : বাসায় ফিরেছেন লাইফ সাপোর্টে থাকা অভিনেতা তিনু করিম। ৪০ দিন হাসপাতালে কাটিয়ে গত শনিবার বাসায় ফিরেছেন তিনি। তথ্যটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা গত পরশু বাসায় ফিরেছি। উনি এখন আগের চেয়ে ভালো আছেন। তবে নিয়মিত হাসপাতালে আসা-যাওয়া করতে হবে। ফিজিওথেরাপি দিতে হচ্ছে প্রতিদিন, শরীরও অনেক দুর্বল। সবাই দোয়া করবেন।’
এদিকে তিনু চিকিৎসায় মোটা অর্থ ব্যয় হয়েছে। ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’ অভিনেতার চিকিৎসায় এক লাখ টাকা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় পাঁচ লাখ টাকার সহায়তা দিয়েছে। বাকিটা জোগাড় করতে গিয়ে অর্থ সংকটে পড়েছে অভিনেতার পরিবার।
এর আগে, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শরীরের অবস্থা একটু ভালো হলে তাকে কেবিনে দেওয়া হয়। কিন্তু হঠাৎ রক্তচাপ ও সুগার লেভেল কমে জ্ঞান হারান অভিনেতা। প্রথমে আইসিইউ, এরপর ৩ ডিসেম্বর বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
উল্লেখ্য, দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তার টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড়পর্দায় নাম লেখান তিনি। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা।


