ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ভারশোঁ ও দেলুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে আমিনুল ইসলাম ওরফে আমিন (৩৮) এবং দেলুয়াবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে বেলাল হোসেন (৩৫)। অভিযানের সময় আমিনের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বেলাল হোসেনের কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ভারশোঁ বাজারে ইয়াবা বেচাকেনার সময় অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ আমিনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দেলুয়াবাড়ি বাজারে ফয়েজ অটোমিলের সামনে থেকে ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় বেলাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে।
মান্দা থানার উপপরিদর্শক শাহ আলম, উপপরিদর্শক ওয়াদুদ তালুকদার ও উপপরিদর্শক নাজমুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরণের অভিযান চলমান থাকবে।#



