ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার তেল-গ্যাস নিষিদ্ধ করার পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে নির্দিষ্ট পণ্য ও কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ করলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিষিদ্ধকৃত পণ্যের তালিকা এবং কোন কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার মন্ত্রিসভা নির্ধারণ করবে।
প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরিত রপ্তানি নিষিদ্ধের ঐ ডিক্রিতে বলা হয়, ‘রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা এবং শিল্পের নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা’। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
রাশিয়ার কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ বিশ্ববাজারে নতুন অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। বিপুল পরিমাণ তেল আর খনিজ সম্পদের পাশাপাশি বিশ্বজুড়ে প্রচুর শস্য এবং ধাতু সরবরাহ করে রাশিয়া।
রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা দেয়ার পরই রাশিয়া কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলো পাল্টা জবাব হিসেবে। এদিকে রাশিয়ার তেল নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি হাঙ্গেরি।


