ধূমকেতু নিউজ ডেস্ক : গাজার একটি হাসপাতালে নিরস্ত্র সাংবাদিকরা যখন রিপোর্টিংয়ের প্রয়োজনে অবস্থান করছিলেন, ঠিক সেই সময় ইসরায়েলের চালানো এক ড্রোন হামলায় প্রাণ হারালেন তিনজন ফিলিস্তিনি সাংবাদিক। আহত হয়েছেন আরও অনেকে।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৫ জুন), গাজার আল আহলি আরব হাসপাতালে।
এ সময় হাসপাতালের চত্বরে সাংবাদিকরা একটি অস্থায়ী তাঁবুর নিচে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য অবস্থান করছিলেন। হঠাৎই সেখানে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) জানিয়েছে, হামলায় নিহত সাংবাদিকরা হলেন—
১. ইসমাইল বাদাহ, প্যালেস্টাইন টিভির ক্যামেরাম্যান,
২. সুলেমান হাজ্জাজ, পেশাদার প্রতিবেদক,
৩. সামির আল-রিফাই, শামস নিউজ এজেন্সির প্রতিনিধি।
তারা তিনজনই হাসপাতালে সাংবাদিকতার দায়িত্ব পালনের সময়ই প্রাণ হারান।
আল-জাজিরা জানায়, তারা মূলত সেখানে অস্থায়ীভাবে রিপোর্টিং চালাচ্ছিলেন। সূর্যের প্রচণ্ড তাপ থেকে বাঁচতে তাঁবু করেছিলেন, সেই তাঁবু লক্ষ্য করেই চালানো হয় ড্রোন হামলা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যেখানে একসময় হাসপাতালের একটি সবুজ বাগান ছিল, সেখানে এখন ছিন্নভিন্ন দেহাবশেষ ছড়িয়ে রয়েছে।
এই আল আহলি হাসপাতালটি পরিচালিত হয় অ্যাংলিকান গির্জার মাধ্যমে। এই হাসপাতালে এটি অষ্টমবারের মতো ইসরায়েলি হামলা। চিকিৎসকরা জানান, হামলার সময় হাসপাতালে বহু রোগী ও চিকিৎসাকর্মীও উপস্থিত ছিলেন।
হামলায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকও গুরুতর আহত হন। তাকে হাসপাতালে জরুরি অস্ত্রোপচারে নেওয়া হয়। পর্যাপ্ত ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম না থাকা সত্ত্বেও চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন তার জীবন রক্ষা করতে।
স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলা পর্বে এ পর্যন্ত ২২৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। প্রতিটি মৃত্যুই স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধের এক ভয়াবহ উদাহরণ। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি


