ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ ডাকায় চট্টগ্রামের রাঙামাটি সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার রাত ১টার দিকে রাঙামাটি সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গরবার (৩০ আগস্ট) রাঙামাটি সদর উপজেলার পৌরসভাস্থ ভেদভেদী বাজার এলাকায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি গ্রহণ করছে। অন্যদিকে একই স্থানে একই তারিখ ও সময়ে আওয়ামী লীগও সভা-সমাবেশ আয়োজন করার সংবাদ পাওয়া গেছে।
দেশের বৃহত্তর দুই দলের কর্মসূচির কারণে জনজীবনে অসুবিধা ও উপজেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অর্পিত ক্ষমতাবলে ৩০ আগস্ট সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভাস্থ-ভেদভেদী বাজার ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, মিটিং, লোক সমাগম এবং চার ততোধিক ব্যাক্তির চলাচল ও আইন শৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অত্র উল্লিখিত স্থানে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন।


