ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদ করার দায়ে মেসার্স আরবি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে ১৩০ লিটার পেট্রোল জব্দ করে তা বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটি সরকারি নির্দেশনা অমান্য করে এবং অগ্নিনিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে প্লাস্টিকের জারে পেট্রোল মজুদ করে রেখেছে।
এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একইসঙ্গে জব্দকৃত ১৩০ লিটার পেট্রোল প্রচলিত মূল্যে বিক্রি করে সেই টাকা দ্রুততম সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, “নিরাপদ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জারকিনে বা অনিরাপদ পাত্রে জ্বালানি তেল কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর নজরদারি বজায় থাকবে।



