ধূমকেতু প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) শাখার সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে আটক করেছে পুলিশ। পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুলিশ তাঁদের হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিচালকের সঙ্গে ছাত্রলীগের ওই দুই নেতার গোপন বৈঠক হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কার্যালয়ের ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলে শিক্ষার্থীরা তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় এসআরবি ও সিআরটির সদস্যদের উপস্থিতিতে ছাত্রলীগের সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


