ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের ফটকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানো ও তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসার মহিদুল হাসানের অপসারণ দাবি করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরে ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিত, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কায়েসসহ শতাধিক নেতাকর্মী।
এর আগে সোমবার (৯ নভেম্বর) সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানো ও তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসানকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পরিস্থিতি চলে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জ্যেষ্ঠ সহসভাপতি ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদু হাসান রঞ্জন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদল নেতাদের অভিযোগ, কলেজের অধ্যক্ষের সঙ্গে গোপন আঁতাতের কারণেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টানানো ও তালা দেওয়ার মতো কর্মকাণ্ড করার সাহস পেয়েছেন। এ ঘটনার দায় কলেজ প্রশাসন এড়াতে পারে না বলেও দাবি করেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসান বলেন, পরীক্ষা চলাকালে কলেজের ফটক বন্ধ থাকার সুযোগে কে বা কারা ফটকে ব্যানার টানিয়ে তালা দিয়ে চলে গেছে। বিষয়টি কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের ফটকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তালা দিয়েছেন এবং ব্যানার টানিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



