ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : রাজশাহীর বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ১০ নভেম্বর সকাল আট’টায় উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাশ হাট হতে মচমইল হাট যাবার পথে জিল্লুর মোড় নামক স্থানে সারগুলো আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের মৌখিক নির্দেশনায় গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান সারগুলো ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে বিক্রয় করেন। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সূত্র জানায়।
জব্দকৃত সারের মধ্যে পঁচিশ বস্তা ডিএপি, পনেরো বস্তা এমওপি সার ছিল। তবে স্থানীয়রা দাবী করেন, ১০০ বস্তা সার মচমইল হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । ৪০ বস্তা আটক করা সম্ভব হয়েছে। মাঝে মধ্যে বিপুল পরিমাণ সার ওই রুটে আনা নেওয়া হত বলে স্থানীয়রা অভিযোগ করেন। আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের অটোচার্জার ভ্যান চালক নাজমুল এবং অপর ভ্যান চালক শুভডাঙ্গা ইউনিয়নের কৌড় এলাকার সাইদুর রহমান বলেন, আমরা কোন দোকান থেকে নয়, অপরিচিত ভ্যান চালকরা আমাদের ভ্যানে সারগুলো তুলে দিয়েছে।
ভ্যানচালকের উদ্ধৃতি দিয়ে চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সারগুলো দামনাশ বাজারের সার ব্যবসায়ী শাহাদাত হোসেনের ঘর থেকে মচমইল হাটে নেয়া হচ্ছিল। কীভাবে জানলেন, শাহাদাতের দোকানের সার, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আটককৃত ভ্যানচালকরা এমন তথ্য দিয়েছে। এই সময় সংশ্লিষ্ট ব্লকের ব্লক সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । মোবাইল ফোনে অভিযুক্ত সার ব্যবসায়ী শাহাদাত হোসেনকে কল দিলে তিনি বলেন, এই সারগুলো আমার ঘর থেকে দেওয়া হয়নি। কেউ বল্লেই তো আর হবে না, প্রমাণ দিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না’র সরকারি মুঠোফোনে কল দিলে তিনি সাঁড়া দেননি। সেজন্য তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।



