ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের স্বার্থবিরোধী যেকোনো হঠকারী পদক্ষেপের ‘তাৎক্ষণিক, গুরুতর ও শক্তিশালী জবাব’ দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওমান উপকূলে একটি ইসরাইলি ট্যাংকারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও যুক্তরাজ্য তেহরানকে দায়ী করার পর সোমবার তারা এ হুশিয়ারি উচ্চারণ করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান নিজের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্ত দেরি করবে না বরং যেকোনো হঠকারিতার তাৎক্ষণিক, গুরুতর ও শক্তিশালী জবাব দেবে।
গত বৃহস্পতিবার রাতে আরব সাগরে ইসরাইলি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। ইসরাইল প্রথম থেকেই এ হামলায় ইরান জড়িত বলে অভিযোগ করে আসছে। শনিবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে গোয়েন্দা তথ্য ও প্রমাণ পর্যন্ত দিয়েছে তেলআবিব।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ওমান উপকূলের ঘটনাকে ‘বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ভয়ানক ও স্পষ্টতই অগ্রহণযোগ্য আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
এ বিষয়ে সোমবার যুক্তরাজ্য ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে বলেন, ইরান সব সময় পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে এবং এখনও এ বিষয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
খাতিবজাদে আরও বলেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরান দায়ী নয় বরং এ অঞ্চলে বহিঃশক্তির সেনা ও যুদ্ধজাহাজের উপস্থিতির কারণে পারস্য উপসাগরে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে।


