ধূমকেতু নিউজ ডেস্ক : সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর ড্রোন হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮ জন।
তুরস্ক’র রাষ্ট্রীয় সংবাদ সংস্থার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ড্রোন হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন নারীও রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আরএসএফের ড্রোন থেকে মোট ৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা একটি কিন্ডারগার্টেন (শিশু বিদ্যালয়), একটি হাসপাতাল এবং শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।
রাজ্য সরকার এই ঘটনাকে আরএসএফ-সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ দ্বারা সংঘটিত একটি ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছে।
দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এসব সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, আরএসএফকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের মিত্রদের এই ‘অমানবিক অপরাধের’ জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে এ হামলাকে শিশুদের অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ উদাহরণ বলে উল্লেখ করেছে।
ইউনিসেফ জানায়, নিহতদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সি ১০ জনেরও বেশি শিশু রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদান সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে শুরু হওয়া এই গৃহযুদ্ধ ইতোমধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, এই সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪০ হাজার মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ।


