ধূমকেতু প্রতিবেদক : জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশনে রুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট প্রথম স্থান অধিকার করেছে। শনিবার (২৭ জুন) ঢাকার শিল্পকলা মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বাষিকী উপলক্ষে জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি) আয়োজিত এই প্রতিযোগিতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মুসাদ্দিক শ্রাবণ ও মো. শিহাব বাবুর প্রজেক্ট প্রথম স্থান অধিকার করেছে। পুরষ্কার হিসেবে তাদেরকে ৫০ হাজার টাকা প্রইজমানি প্রদান করা হয়।
প্রতিযোগিতায় মোট ১৪৬টি টিমের প্রজেক্ট প্রাথমিকভাবে মনোনীত হয়। এর মধ্য থেকে ১৪টি টিমের প্রজেক্ট চূড়ান্ত পর্বে মনোনীত হয়। সেখান থেকে রুয়েটের শিক্ষার্থীদের টিমের প্রজেক্ট ‘সেফ গার্ড বাংলাদেশ’ চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেয়। ‘সেফ গার্ড বাংলাদেশ’ নামক প্রজেক্টটি ছিল নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ‘এআই ইকোসিস্টেম’।#



