ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৩৭ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে নয় জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে, পাসের হারেও এগিয়ে রয়েছে এই কলেজ। দুইটি কলেজ থেকে শতভাগ ফেল করেছে।
আজ শনিবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৯৮ জন। এর মধ্যে পাস করেছে ৪৪৫ জন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ছয় জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, পাসের হারেও এগিয়ে রয়েছে এই কলেজ। এই কলেজ থেকে পাস করেছে ৪০ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী। দুটি কলেজে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। কলেজ দুটি হলো- সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ ও রাজাপুর বটতলীহাট কলেজ।
আলিম পরীক্ষায় পাসের হার ৩৯ দশমিক ৬৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১২৬ জন। পাস করেছে ৫০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন পরীক্ষার্থী।
ভোকেশনালে পাসের হার ৪১ দশমিক ১৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৫৮ জন। পাস করেছে ৬৫ জন। কেউ জিপিএ-৫ পায়নি।



