ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হতে অটোরিক্সার চুরির অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। এসময় চোরদের হেফাজত হতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত শমসের আলীর ছেলে নাসির উদ্দিন (৬৫) ও রাজশাহী জেলার পুঠিয়া থানার রঘুরামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে জুলমত আলী (৫০)।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২১ দুপুর আড়াই টায় নিশার আলী (১৬) নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে তার ব্যাটারী চালিত অটোরিক্সা রেখে হাসপাতালের ভিতরে যায়। দশ মিনিট পর এসে দেখে তার অটোরিক্সাটি নাই। সে আশেপাশে খোঁজ করে না পেয়ে অটোরিক্সা চুরি হয়েছে মর্মে রাজপাড়া থানায় অভিযোগ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে চুরির একটি নিয়মিত মামলা রুজু হয়।
এদিকে মামলা রুজুর পর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা ও তার টিম আসামী শনাক্ত করে গ্রেপ্তার ও অটোরিক্সা উদ্ধারে অভিযানে নামেন।
অবশেষে মঙ্গলবার ২৩ নভেম্বর দিবাগত রাত দেড় টায় রাজপাড়া থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজশাহী মেডিকেলের সামনে হতে আসামী নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী নাসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং চুরি হওয়া অটোরিক্সাটি অপর আসামী জুলমত আলীর কাছে আছে বলে জানায়।
নাসিরের দেওয়া তথ্যমতে রাত ৩ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানার রধুরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে জুলমতকে তার বাড়ী হতে গ্রেপ্তার করেন। এসময় তার বাড়ী হতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা জানায়, তারা বিভিন্ন সময় অসুস্থতার ভান করে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে অটোরিক্সা ভাড়া করে। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে চালককে ব্যস্ত রেখে কৌশলে একে অপরের সহযোগীতায় অটোরিক্সা চুরি করে নিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


