হেলসিঙ্কি থেকে, আব্দুল্লাহ ইকবাল : ফিনল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। রাজধানী হেলসিংকি, এস্পো এবং আশপাশের এলাকায় ঈদের নামাজের জন্য একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ কেন্দ্রীয় জামে মসজিদ, হেলসিঙ্কি-এর উদ্যোগে রইহুপেলতো এলাকায় তিনটি পৃথক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে প্রতিটি জামাত ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল।
এই জামাতগুলোতে কমিউনিটির সিনিয়র ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও বয়সের মানুষজন উপস্থিত ছিলেন। এতে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের এক চিত্র ফুটে ওঠে।
অন্যদিকে, এস্পো মুসলিম সেন্টারের আয়োজনে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরিবার-পরিজনসহ অনেকেই এতে অংশ নেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
এছাড়া হেলসিঙ্কির মাইল্লিপুরো এলাকার এরিনা সেন্টারেও একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করা হয়েছে, যেখানে নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে ঈদের আনন্দ ছড়িয়ে দেন।
প্রবাসে থেকেও এই উৎসব মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য বার্তা পৌঁছে দিয়েছে।


