ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায় থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর তথ্য জানানো হলেও তা প্রত্যাখান করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে আলি খামেনির একাধিক স্বজনের মৃত্যুর কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক সংবাদমাধ্যম। একই তথ্য তুলে ধরে ইরানি মিডিয়ার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।
রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা নাগাদ ফারস নিউজের বরাত দিয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ তাদের প্রকাশিত সংবাদে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায়।
রোয়া জানায়, ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্র তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফারস নিউজ ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তার মেয়ে, জামাতা, নাতনী এবং পুত্রবধূ নিহত হয়েছেন বলে জানিয়েছে। তবে ইরানের দায়িত্বশীল কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
শনিবার ইসরায়েলি হামলা শুরুর কয়েক ঘণ্টার মাথায় খামেনির মৃত্যুর কথা দাবি করে ইসরায়েল। এ সূত্র ধরে বার্তা সংস্থা রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এমন সংবাদ প্রকাশ করে। এর কিছু সময় পরেই ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন এবং দৃঢ়তার সঙ্গে (যুদ্ধের) ময়দানের নেতৃত্ব দিচ্ছেন। আর শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তাও নিরাপদ রয়েছেন।
সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি এ তথ্য উল্লেখ করেন বলে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, তার জানামতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। ইরান উত্তেজনা কমাতে আগ্রহী। শীর্ষ পর্যায়ের প্রায় সব কর্মকর্তাই জীবিত আছেন।


